ইসলাম টাইমস ডেস্ক: দণ্ডবিধি বা পেনাল কোডের ৪৫ ধারা অনুযায়ী যাবজ্জীবন মানে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাদণ্ড। রোববার এ নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গত ৩০ সেপ্টেম্বর এক মামলায় মোকছেদ আলী নামে এক আসামিকে মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে যাবজ্জীবনের সীমা নির্ধারণ করে পূর্ণ ব্যাখ্যা দেন আদালত।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৩০ সেপ্টেম্বর মোকছেদ আলীকে যাবজ্জীবন এবং টুটুলকে দশ বছরের কারাদণ্ড দেন আপিল বেঞ্চ। সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। সেখানে মোকছেদ আলীকে দেয়া যাবজ্জীবনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন আদালত। আদালত বলেছেন, দণ্ডবিধি বা পেনাল কোডের ৪৫ ধারা অনুযায়ী যাবজ্জীবন মানে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাদণ্ড।
মামলার বিবরণে জানা যায়, মানিকগঞ্জের এক টেম্পো ড্রাইভার হত্যা মামলায় শিবালয় উপজেলার মোকছেদ আলী ও টুটুলের মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। সেই রায় হাইকোর্টে বহাল থাকে। পরে আসামিরা জেল আপিল করলে শুনানি শেষে গত ৩০ সেপ্টেম্বর রায় ঘোষণা করেন আপিল বেঞ্চ।
প্রকাশিত সেই রায়ে উল্লেখ করা হয়- দণ্ডবিধি বা পেনাল কোডের ৪৫ ধারা অনুযায়ী যাবজ্জীবন মানে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাদণ্ড।
উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ অন্য একটি মামলায় যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড বলে রায় দেন। সেই রায়ের রিভিউ (পুনর্বিবেচনা) শুনানি শেষে রায়ের জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য আছে।
-এনটি
















