ইসলাম টাইমস ডেস্ক: দেশের অগ্রগতি ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বাধীনতাবিরোধী কুচক্রী মহল আবারও ধর্মব্যবসায়ীদের মাঠে নামিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল ১৪ দলের ভার্চুয়াল আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা প্রসঙ্গে আমু বলেন, রাজনৈতিকভাবে যারা ব্যর্থ হয়, তারাই যুগ যুগ ধরে ধর্মব্যবসায়ীদের ঢাল হিসেবে ব্যবহার করে। এবারও তাই করছে। এদেশের মানুষ ধর্মপরায়ন কিন্তু ধর্মান্ধ নয়। ধর্মান্ধরা দল বা ব্যক্তির নয়, দেশ ও জাতির শত্রু। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানবিরোধীদের সম্পর্কে দেশের মানুষকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রার পথে যারা বাধা সৃষ্টি করবে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার বা আপস নয়, মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিচ্ছে তাদের আইনের আওতায় আনতে হবে।
আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসের সঞ্চালনায় আলোচনায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রহমান, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বক্তব্য রাখেন।
ইজে
















