কুষ্টিয়ার সেই ঘটনায় দুই ছাত্রের ৫ দিন, শিক্ষকদের ৪ দিন রিমান্ড মঞ্জুর

ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতার দুই ছাত্রের পাঁচ দিন ও দুই শিক্ষকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক নিশিকান্ত দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুই ছাত্র ও দুই শিক্ষক আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেছি। দুই মাদ্রাসা শিক্ষার্থীর ১০ দিন এবং দুই শিক্ষকের সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে দুই ছাত্রের পাঁচ দিন ও দুই শিক্ষকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে সোমবার চারজনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ।
আদালত আজ শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়ার জুগিয়া এলাকার মাদ্রাসা ইবনে মাসউদের (রা.) হেফজ বিভাগের ছাত্র ও মিরপুর উপজেলার শিংপুর গ্রামের সমশের মৃধার ছেলে আবু বক্কর ওরফে মিঠুন (১৯) এবং দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের শামসুল আলমের ছেলে সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০), একই মাদ্রাসার শিক্ষক ও মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আব্দুর রহমানের ছেলে আল আমিন (২৭) এবং পাবনার দিয়াড় বামুন্দি গ্রামের আজিজুল মণ্ডলের ছেলে ইউসুফ আলী (২৭)।

-এনটি

পূর্ববর্তি সংবাদচূড়ান্ত হচ্ছে ই-কমার্স নীতিমালা: পণ্যের মজুদ না থাকলে কোম্পানি অর্ডার নিতে পারবে না
পরবর্তি সংবাদকুষ্টিয়ার ঘটনায় আলেম সমাজকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানোর অপচেষ্টা চলছে: বিশিষ্ট ওলামা-মাশায়েখ