দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, চট্টগ্রামে ফ্লাইট চলাচল ব্যাহত

ইসলাম টাইমস ডেস্ক: আজ শনিবার (১২ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

জেলাটিতে তিনদিন পর শনিবার সকালে সূর্যের দেখা মিললেও ছিল না রোদের উত্তাপ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক বলেন, প্রতিবছর চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা বেশ কয়েকবার হয়ে থাকে। ডিসেম্বরের মাঝামাঝিতে জেলায় শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

এর আগে গত শুক্রবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা আরও কমে যাওয়ায় জেলায় বেশ শীত অনুভূত হচ্ছে। সরকারিভাবে গতকাল থেকেই জেলার চারটি উপজেলায় শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০ হাজার ৭০০ পিস কম্বল এসেছে শীতার্ত মানুষের জন্য। চাহিদা অনুযায়ী এসব কম্বল জেলার নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হবে।

শাহ আমানতে ফ্লাইট চলাচল ব্যাহত

এদিকে ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের বিমান চলাচল বিঘ্ন হয়েছে। ভিজিবিলিটি শূন্য থাকায় শনিবার একটি আন্তর্জাতিক ফ্লাইটসহ চারটি ফ্লাইট নির্ধারিত সময়ে বিমান বন্দরে অবতরণ করছে পারেনি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যানেজার ফরহাদ হোসেন খান বলেন, ‘ভিজিবিলিটি না থাকায় একটি আন্তর্জাতিকসহ চারটি ফ্লাইট নির্ধারিত সময়ে বিমান বন্দরে অবতরণ করতে পারেনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিলম্বে ফ্লাইটগুলো চট্টগ্রামে অবতরণ করে।’

জানা যায়, ঘন কুয়াশার কারণে ভিজিবিলিটি না থাকায় দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইট শাহ আমানতে অবতরণ করতে পারেনি। পরে বিমানটি সিলেটে অবতরণ করে। 

 

কুয়াশা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সোয়া ১১টায় ফ্লাইটটি সিলেট থেকে চট্টগ্রাম আসে। এছাড়া ঘন কুয়াশার কারণে ইউএস বাংলা, নভো এয়ার এবং বাংলাদেশ বিমানের একটি করে ফ্লাইট আড়াই ঘণ্টা বিলম্বে অবতরণ করে।

-এমএসআই

পূর্ববর্তি সংবাদনিক্সনের অনুরোধ: অর্থের উৎস বের করতে প্রত্যেক মাদরাসায় ছাত্রলীগের কমিটি করুন
পরবর্তি সংবাদস্কুলের নতুন কারিকুলামে ধর্ম শিক্ষাকে পাবলিক পরীক্ষার আওতায় আনা হোক