ইসলাম টাইমস ডেস্ক: ১৩০টি স্বর্ণের বারসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লুৎফর রহমান নামে দুবাই থেকে আসা এক বিমানযাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। উদ্ধার স্বর্ণের ওজন প্রায় ১৫ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে আটক করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।
বিমানবন্দর সূত্রে জানা যায়, তল্লাশিতে ওই যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো ১৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছেন বিমানবন্দর থানার এসআই শেখ তাজউদ্দিন আহমেদ।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওই যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার স্বর্ণের ওজন প্রায় ১৫ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।
তিনি আরও জানান, আটক লুৎফর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলায়। এ ঘটনায় তার বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিষয়টিতে একটি ফৌজদারী মামলা করা হয়েছে।
-এনটি
















