রাশিয়ান ক্ষেপণাস্ত্র ক্রয়: মার্কিন নিষেধাজ্ঞার সামনে অনড় তুরস্ক

এস-৪০০ ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (ফাইল ছবি)

ইসলাম টাইমস ডেস্ক: তুরস্ক জানিয়েছে, রাশিয়া থেকে এস-৪০০ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা থেকে ফিরবে না তারা এবং এ বিষয়ে আমেরিকার চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার আঙ্কারার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপনাস্ত্র কেনার চুক্তি বাতিল করা হবে না। মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি মূল্যায়ন করে পরে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র এস-৪০০ ক্রয় নিয়ে ন্যাটো সদস্য তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি ডিরেক্টরেট প্রধান ইসমাইল দেমির এবং আরও তিনজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে তুরস্ক মার্কিন এ নিষেধাজ্ঞাকে বড় ভুল বলে আখ্যায়িত করেছে।

বুধবার প্রেসিডেন্ট এরদোগান বলেন, এ নিষেধাজ্ঞা তুরস্কের প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিজের প্রতি বৈরী আক্রমণ এবং এটি অবশ্যই ব্যর্থ হবে।

সংবাদ মাধ্যম কানাল২৪-এ দেয়া এক সাক্ষাতকারে কাভাসগ্লু বলেন, মার্কিন এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তুরস্কের সার্বভৌমত্বের অধিকারের ওপর আক্রমণ এবং এটি তুরস্কের ওপর কোনো প্রভাব ফেলবে না।

সূত্র: ইয়েনি শাফাক

-এমএসআই

পূর্ববর্তি সংবাদপররাষ্ট্রমন্ত্রী বললেন: ‘বাংলাদেশীদের ভয়ে বাধ্য হয়ে বিএসএফ গুলি করে ফেলে’
পরবর্তি সংবাদঅপপ্রচার ও বাস্তবতার নিরিখে কথিত ‘লাভ জিহাদ’