হিসাব বহির্ভূত সম্পদের অভিযোগে গ্রেপ্তার পাকিস্তানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের দুর্নীতি দমন শাখার পুলিশ গ্রেপ্তার করল সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাওয়াজা আসিফকে। গতকাল তাকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগ আসিফের বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়েছে সাবেক মন্ত্রীকে।

এদিকে এ ঘটনায় আজ বুধবার তার একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে জানা গেছে।

আসিফ নওয়াজ শরিফের আমলে দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে প্রথমবার তিনি মন্ত্রিত্ব পান। বর্তমানে আসিফ দেশের অন্যতম বিরোধী মুখ ছিলেন। নওয়াজ শরিফের অবর্তমানে দলের গুরুত্বপূর্ণ নেতা তিনি।

বিরোধীদের বক্তব্য, রাজনৈতিক কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আসিফকে গ্রেপ্তার করা নিয়ে টুইট করেছেন খোদ নওয়াজ শরিফ। তাঁর অভিযোগ, ইমরান খানের সরকার বিরোধীদের বিরুদ্ধে দমনমূলক আচরণ করছে। আসিফের নিঃশর্ত মুক্তি চেয়েছেন নওয়াজ। যদিও তাঁর বিরুদ্ধেও শাস্তির খাঁড়া ঝুলছে।

মঙ্গলবার দলীয় কার্যালয়ে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন আসিফ। সেখান থেকে বেরনোর সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেপ্তার করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) অফিসাররা। অভিযোগ, আসিফের রোজগারের সঙ্গে তাঁর সম্পত্তির সামঞ্জস্য নেই। কোথা থেকে এত সম্পত্তি তিনি করেছেন, তার হিসেব দিতে পারেননি বলেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এনএবি-র প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আসিফকে এর আগেও তলব করা হয়েছিল। কিন্তু তিনি যাননি। সম্পত্তির হিসেবও দিতে পারেননি।

এনএবি-র বক্তব্য, ১৯৯১ সালে আসিফের মোট সম্পত্তি ছিল পাচ দশমিক এক মিলিয়ন পাকিস্তানি রুপি। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ২২১ মিলিয়ন পাকিস্তানি রুপি। এত টাকা কোথা থেকে এল তাঁর কাছে? আসিফ এর আগে দাবি করেছিলেন, আরব আমিরাতের একটি সংস্থায় কাজ করতেন তিনি। সেখান থেকে এই পরিমাণ সম্পত্তি হয়েছে তাঁর। কিন্তু এনএবি-র বক্তব্য, যে সময় আসিফ আরব আমিরাতে কাজ করতেন বলে দাবি করছেন, সে সময় তিনি দেশেই ছিলেন। ওই কোম্পানির কাগজ তিনি জাল করেছেন বলে অভিযোগ।

বিরোধীরা অবশ্য এই পুরো বিষয়টিকেই চক্রান্ত বলছেন। আসিফকে গ্রেপ্তার করায় ইমরানের উপর বিরোধীদের চাপ আরো বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: ডয়েচে ভেলে, ডেইলি জং

-এসএন

পূর্ববর্তি সংবাদ৩০ ডিসেম্বর: ঢাকায় বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচি, পুলিশের সঙ্গে সংঘর্ষ
পরবর্তি সংবাদপ্রশান্ত কুমারসহ পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা