একদিনে সুস্থ আরও ৯৬৩, মৃত্যু ১৬ জনের, শনাক্ত ৭১৮

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৭১৮ জন। গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৬৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জন হয়েছে।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭১৮ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ২০ জন। আরও ১৬ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮১৯ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সে হিসাবে কোভিড-১৯ শনাক্তের ৩১১তম দিন পার করছে বাংলাদেশ।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 -এনটি

পূর্ববর্তি সংবাদপুলিশ সদস্যকে মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগ, যশোরে আ’লীগ নেতাসহ আটক ৪
পরবর্তি সংবাদনেতানিয়াহুও ছেড়ে গেলেন ট্রাম্পকে, টুইটারের কভার ফটো থেকে ‘বন্ধুর’ ছবি ডিলিট!