করোনা ও ‘সন্ত্রাসবাদের’ ঝুঁকি: বাংলাদেশসহ ৩ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে নিজ দেশের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে।

সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই তিন দেশের জন্য আলাদা ভ্রমণ সতর্কতা জারি করে। খবর দ্য ইকোনোমিক টাইমসের।

ভ্রমণ সতর্কতা বিষয়ক এক আপডেটে মার্কিন নাগরিকদের পাকিস্তান ও বাংলাদেশ ভ্রমণ পুনর্বিবেচনা করতে এবং আফগানিস্তানে ভ্রমণ না করতে বলা হয়েছে। 

খবরে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সাবধান করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে বলা হয়েছে, অপরাধ, সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি থাকায় বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের অতিরিক্ত সাবধানতা গ্রহণ করতে হবে। নির্দেশনায় উল্লেখ করা হয়, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় ভ্রমণ বিপজ্জনক। কারণ হিসেবে সেখানকার গোষ্ঠিগত সহিংসতা এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে।

এদিকে, কোভিড-১৯, সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক সহিংসতার কারণে পাকিস্তান ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

একইসঙ্গে সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি রয়েছে জানিয়ে নতুন আপডেটে বালুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সফর না করার নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় সন্ত্রাসবাদ ও সশস্ত্র সংঘাতের কারণে লাইন অব কন্ট্রোলের কাছাকাছি না যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, ভারত-পাকিস্তান সীমান্তে জঙ্গি সংগঠনগুলো সক্রিয় রয়েছে।

এছাড়া, সেখানে ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রেরই ব্যাপক সেনা মোতায়েন রয়েছে। প্রায়ই দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। তাই এই এলাকায় ভ্রমণ অত্যন্ত বিপজ্জনক।
-এসএন
পূর্ববর্তি সংবাদউখিয়ায় রোহিঙ্গা শিবিরে গোলাগুলিতে যুবক নিহত
পরবর্তি সংবাদদেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৮১ হাজার: সংসদে সেতুমন্ত্রী