চসিক নির্বাচনে সাধারণ ছুটি বাতিল প্রহসনের শামিল: চরমোনাইর পীর

ইসলাম টাইমস ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, চট্টগ্রাম সিটি কর্র্পোরেশন নির্বাচনে সাধারণ ছুটি বাতিল করে প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, এধরণের নির্বাচনের কোন মানে হয় না। নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটির নিয়ম পূর্বে থেকে ছিলো। ছুটি না থাকলে ভোটাররা কীভাবে ভোট দিবে?

মুফতী রেজাউল করীম বলেন, চসিক নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী আলহাজ্ব জান্নাতুল ইসলাম নির্বাচন কমিশন বরাবর বহু আগ থেকেই চিঠি দিয়ে পূর্বের ন্যায় নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণার আবেদন করে আসছে। এভাবে নির্বাচনের নামে প্রহসনের কোন প্রয়োজন ছিলো না।

আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, খোদ নির্বাচন কমিশনের চট্টগ্রামের নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত। বর্তমান নির্বাচন কমিশন সাংবিধানিক এ পদটিতে প্রশ্নবিদ্ধ করে অথর্ব কমিশনে পরিণত হয়েছে।

পীর সাহেব চরমোনাই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জান্নাতুল ইসলামকে হাতপাখা মার্কায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

-এসএন

পূর্ববর্তি সংবাদশুধু কাবিননামায় স্বাক্ষর করলে কি বিয়ে হয়ে যায়?
পরবর্তি সংবাদবিদেশ পাঠানোর প্রলোভনে অর্থ আত্মসাৎ: চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যান কারাগারে