ইরফান সেলিমকে কেন জামিন দেওয়া হবে না- জানতে চেয়ে হাইকোর্টের রুল

ইসলাম টাইমস ডেস্ক: নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে ইফরান সেলিমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

এর আগে ২০২০ সালের ২৬ অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধরের ঘটনায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমসহ চার জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মারধর ও হত্যাচেষ্টার মামলা করা হয়।

পুলিশ জানায়, গত ২৫ অক্টোবর সন্ধ্যার পর ধানমন্ডির কলাবাগান ক্রসিংয়ে নৌবাহিনীর এক কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল ‘সংসদ সদস্য’ স্টিকার লাগানো হাজী সেলিমের গাড়ি। এরপর নৌবাহিনীর ওই কর্মকর্তা গাড়িটির পেছনে অনুসরণ করে আরও কিছুদূর দিয়ে মোটরসাইকেল থামান এবং নিজের পরিচয় দেন। এসময় হাজী সেলিমের গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে এসে লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধর করে। একপর্যায়ে ওই কর্মকর্তা আত্মরক্ষার চেষ্টা করেন। ঘটনাস্থলে লোকজন জমে গেলে সংসদ সদস্যের গাড়ি ফেলে মারধরকারীরা পালিয়ে যান। পরে পুলিশ এসে গাড়ি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

তবে ঘটনার সময় সাংসদ হাজী সেলিম গাড়িতে ছিলেন না। কিন্তু তার ছেলে ইরফান ও নিরাপত্তারক্ষী ছিলেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকরাম আলী মিয়া জানিয়েছিলেন, ওই ঘটনায় মারধর ও হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। পরে ইফরান সেলিমকে গ্রেফতার করা হয়। ওই মামলায় বিচারিক আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে ইফরান সেলিম হাইকোর্টে জামিন আবেদন করেন ।

গত ২৬ অক্টোবর মামলা দায়েরের পর র‌্যাব পুরান ঢাকায় চকবাজারের ২৬, দেবীদাস লেনে হাজি সেলিমের বাসায় অভিযান চালায় র‌্যাব এবং ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে হেফাজতে নেয়। বাসায় অবৈধভাবে মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের দুই জনকে এক বছর করে কারাদণ্ড দেন। পরে মাদক ও অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে দুটি করে মোট চারটি মামলা দায়ের করে র‌্যাব।

-এসএন

পূর্ববর্তি সংবাদটিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, নার্সসহ প্রথম টিকা নিলেন ৫ জন
পরবর্তি সংবাদকরোনায় একদিনে সুস্থ ৫০৯, শনাক্ত ৫২৮, মৃত্যু ১৭