ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে কিছু রোহিঙ্গা মিয়ানমার ফেরত নেবে।
প্রথম ধাপে কিছু সংখ্যক রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে দেশটি।
রবিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, ৮ লাখেরও বেশি সংখ্যকের একটি তালিকা দেয়া হলেও এরমধ্যে তারা মাত্র ৪২ হাজার ভেরিফাই করেছে। এ বিষয়ে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে ডিজি লেভেলের এক বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
এসময় তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। আমাদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেয়া হয়েছে। সেখানে তারা বলেছে, তারা কিছু রোহিঙ্গা ফেরত নেবে। আমরা তাদের ইতিমধ্যেই ৮ লাখেরও বেশি একটি তালিকা দিয়েছি। তারা মাত্র ৪২ হাজার ভেরিফাই করেছে। আর আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে ডিজি লেভেলের বৈঠক হবে।
সেখানে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমরা চাই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হোক।
২০১৭ সালের ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল আরও চার লাখ রোহিঙ্গা।
আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি।
-এসএন
















