ইসলাম টাইমস ডেস্ক: ভোলায় দেড় বছরের এক শিশুকন্যাকে গলা কেটে হত্যা অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শিশুটির নাম তাইয়েবা ইসলাম মাওয়া। এ ঘটনায় হত্যার কাজে ব্যবহৃত একটি দাসহ মা তানিয়া বেগমকে (৩০) আটক করেছে ভোলা থানা পুলিশ।
রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেউয়াখালী গ্রামের মো. সবুজ সাজীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে স্বামী সবুজ খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় রাজমিস্ত্রির কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়। পরে মানসিক ভারসাম্যহীন তানিয়া বেগম তার দেড় বছরের শিশু তাইয়েবা ইসলাম মাওয়াকে বুকের দুধ খাওয়ান। এরপর দা দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করেন।
পরে স্থানীয়রা চিৎকার শুনে এসে গলাকাটা রক্তাক্ত শিশুটির লাশ ও লাশের পাশে তানিয়া বেগমকে দা নিয়ে দাঁড়িয়ে থাকাবস্থায় দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেন।
ভোলা মডেল থানার পরিদর্শক (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে মানসিক ভারসাম্যহীন তানিয়া বেগমকে আটক করেছি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করেন। হত্যার কাজে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া হত্যাকারীর স্বামী সবুজ সাজীকে বাদী রেখে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
-আরএম
















