ইসলাম টাইমস ডেস্ক: নারায়রণগঞ্জের ৩ নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে উচ্চ আওয়াজে গানবাদ্য নিষিদ্ধ করা হয়েছে। গত শুক্রবার গানের আসরে বাধা দিতে এক মসজিদ সেক্রেটারির মৃত্যুকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩নং ওয়ার্ডের সকল পঞ্চায়েত কমিটি, মসজিদ কমিটিসহ শ খানেক লোকের উপস্থিতিতে এ সিদ্ধান্ত দেন ওয়ার্ড কমিশনার শাহজালাল বাদল।
জানা যায়, গত সোমবার নারায়গঞ্জ ৩নং ওয়ার্ডের কমিশনার শাহজালাল বাদল অত্র এলাকার সকল পঞ্চায়েত কমিটি ও মসজিদ কমিটির ঐকমত্যে এলাকায় উচ্চ শব্দে গানবাজনাকে নিষিদ্ধ ঘোষণা করেন। তিনি প্রত্যেক মসজিদে এ মর্মে নোটিশ পাঠানোরও নির্দেশ দেন।
এর আগে গত শুক্রবার গভীর রাতে রাড়ির পাশ থেকে উচ্চশব্দে গানের আওয়াজ সইতে না পেয়ে বাধা দিতে গিয়ে মারা যান মসজিদ সেক্রেটারি আবদুস সাত্তার। উচ্ছৃঙ্খল তরুণদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই মসজিদ সেক্রেটারি।
রহমতবাগ বাইতুর রহমান জামে মসজিদের সিক্রেটারির মৃত্যুতে মসজিদের ইমাম মাওলানা খালেদ বিন নুর জানান, বৃহস্পতিবার দিবাগত রাত বারটার দিকে বাড়ির পাশে একটি বিয়ে বাড়ি থেকে উচ্চ শব্দে গানের আওয়াজ আসে। এতে এলাকাবাসীর ঘুমের ব্যাঘাত ঘটায় মসজিদের সেক্রেটারি হাজি আবদুস সাত্তার বাধা দিতে যান।
মাওলানা খালেদ জানান, রাত আনুমানিক সাড়ে বারটার দিকে আমাকে ফোন করেন আবদুস সাত্তার চাচা। তখন আমি তাকে বুঝিয়ে বাড়ি চলে যেতে বলি। এর ঘন্টা খানেক পরেই শুনতে পেলাম, হাসপাতালে নেয়ার পথে হাজী আবদুস সাত্তার মারা গেছেন।
হাজী আবদুস সাত্তারের ছেলের উদ্ধৃতি দিয়ে মাওলানা খালেদ বলেন, গানের আসরে বাধা দেয়ায় আজ আমার বাবার এমন মৃত্যু হল। শুক্রবার বাদ জুমা মাদনীনগর মাদরাসায় তার জানাযা অনুষ্ঠিত হয়।
ইজে
















