কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গোলায় মারা পড়লো ভারতীয় সেনা

ইসলাম টাইমস ডেস্ক: জম্মু-কাশ্মীরে সীমান্ত এলাকায় পাকিস্তানের ছোঁড়া গোলায় এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাজ্যের রাজৌরি অঞ্চলে ঘটনাটি ঘটে। খবর জি নিউজের।

পাকিস্তানি গোলাবর্ষণে নিহত ভারতীয় সেনার নাম লক্ষ্মণ। তিনি রাজস্থানের যোধপুরের বাসিন্দা ছিলেন।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ দাবি করেছেন, বুধবারও অন্যবারের মতোই কোনো প্ররোচনা ছাড়াই গুলি চালাতে শুরু করেন পাক সেনারা। তখনই তাদের ছোঁড়া গুলিতে মারাত্মক জখম হন লক্ষ্মণ। প্রচুর রক্তক্ষরণের কারণে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।

নিহত সেনা সম্পর্কে তিনি দাবি করেন, লক্ষ্মণ ছিলেন একজন সাহসী, অনুপ্রাণিত ও কর্তব্যনিষ্ঠ সৈনিক। ত্যাগ ও নিষ্ঠার জন্য দেশ তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

জি নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি জম্মু-কাশ্মীর সীমান্ত এলাকায় পাকিস্তানকে বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করতে দেখা গেছে। বিনা প্ররোচনাতেই তাদের গুলি বর্ষণের ফলে বহু ক্ষেত্রেই সেনার মৃত্যু হয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া
পরবর্তি সংবাদ‘জনগণ বিএনপিকে একটি দায়িত্বশীল-শক্তিশালী বিরোধী দল হিসেবেই দেখতে চায়’