বাংলাদেশি মুসলমানদের একটি অংশ খুবই সাম্প্রদায়িক: আসামের বিজেপি নেতা

বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা (ছবি : সংগৃহীত)

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের আসাম রাজ্যের শিক্ষামন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, বাংলাদেশ থেকে সেখানে যাওয়া অভিবাসী মুসলিম জনগোষ্ঠীর একটি অংশ সাম্প্রদায়িক এবং স্থানীয় ভাষা ও সংস্কৃতি নষ্টকারী কার্যকলাপের সঙ্গে যুক্ত।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,  যারা প্রকাশ্যে আসাম ও ভারতীয় সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে তাদের ভোট তিনি চান না। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, ‘আসামের মুসলিম জনগোষ্ঠী দুই ধারায় বিভক্ত-একটি ধারা বাংলাদেশ থেকে আসা আর অন্যটি স্থানীয়। বিভিন্ন সময়ে আসামে আসা জনগোষ্ঠীর কেউ কেউ নিজেদের মিয়া বলে পরিচয় দেয়, তারা খুবই সাম্প্রদায়িক।’ এসব মানুষ আসামীয় ভাষা ও সংস্কৃতি নষ্টের বিভিন্ন কার্যকলাপে যুক্ত বলে অভিযোগ করেন তিনি।

এই বিজেপি নেতা বলেন, ‘এসব মানুষের ভোটে আমি এমএলএ হতে চাই না। আমার ব্যক্তিগত মত হলো যেসব মানুষ প্রকাশ্যে আসামের ভাষা, সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির বিরোধিতা করে তারা আমাদের ভোট দেবে না।’

২০১৯ সালে ভারতে চালু হওয়া বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) আসামে চালু করার প্রস্তুতি শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার সিএএ চালুর নিয়ম বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান আসামের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, নাগরিকত্ব আইন পাস হয়েছে; নিয়ম এখনও তৈরি হয়নি। সেকারণে এসব নিয়ম তৈরি ও তা সংস্কার করার পুরোপুরি দায়িত্ব ভারত সরকারের।

উল্লেখ্য, বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। দেশটির মুসলমানদেরকে এই আইনের মাধ্যমে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে ফেলা হবে বলে ধারণা করা হয়। ব্যাপক বিক্ষোভের মুখে ওই আইন বাস্তবায়নে কিছুটা ধীর গতি দেখানো হলেও সম্প্রতি কয়েকটি রাজ্যে তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ জন
পরবর্তি সংবাদ‘স্বার্থে আঘাত না আসা পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যাবে না বেইজিং’