নিয়ন্ত্রণ হারিয়ে দিনমজুরের ঘরে ট্রাক, চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেলেন বাবা-মেয়ে

ইসলাম টাইমস ডেস্ক: পাবনার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দিনমজুরের টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে সিমেন্ট বোঝাই ট্রাক। এতে ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে  মারা যান দিনমজুর শাহ বাবু ও তার মেয়ে বৃষ্টি ।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে পাবনার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া এলাকায়। এ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে শাহ বাবুর স্ত্রী লাকী খাতুন (৩২) ও তিন বছরের ছেলে সাগর।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সারা দিনের কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন দিনমজুর শাহ বাবু (৩৭)। মেয়ে বৃষ্টিকে (১২) নিয়ে পরিবারের অন্যদের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন। কিন্তু একসাথে রাতের খাবার শেষ করতে পারলেন না দিনমজুর বাবা শাহ বাবু (৩৭) ও তার মেয়ে বৃষ্টি খাতুন (১২)। সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাপায় মৃত্যু হয়েছে বাবা-মেয়ের।

স্থানীয়দের বরাত দিয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান জানান, ঘটনার সময় নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক সিরাজগেঞ্জর বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিটাপাড়া এলাকায় রাস্তার পাশে টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে। এ সময় রাতের খাবার খাচ্ছিলেন দিনমজুর শাহ বাবু ও তার স্ত্রী সন্তান। হঠাৎ করে সিমেন্ট বোঝাই ট্রাকটি ঘরে ঢুকে পড়লে তার নিচে চাপা পড়ে শাহ বাবু ও তার মেয়ে বৃষ্টি ঘটনাস্থলেই মারা যায়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তার স্ত্রী লাকী খাতুন ও ছেলে সাগর।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদসালিসে ওষুধ বিক্রেতাকে পিটিয়ে হত্যা: সাক্ষী হওয়ার জেরে সাংবাদিকের বাড়িতে আগুন
পরবর্তি সংবাদঅবৈধ বসতি নির্মাণে ফিলিস্তিনের একটি গ্রাম ধ্বংস করল সন্ত্রাসবাদী ইসরায়েল