কিশোর গ্যাং: মান্ডায় গ্রুপের দ্বন্দ্বের জেরে কিশোরকে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মান্ডায় ছুরিকাঘাতে হাসান (১৭) নামের এক কিশোরকে হত্যা করা হয়েছে। সে মুগদার একটি ছাপাখানায় কাজ করতো। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশের ধরণা, স্থানীয় কিশোর গ্রুপের দ্বন্দ্বের জেরে এ হত্যার ঘটনা ঘটতে পারে।

মুগদা থানার পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসা থেকে হাসানকে স্থানীয় কয়েকজন কিশোর মান্ডা লেটকা ফকিরের গলিতে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে তারা হাসানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হাসানের পেটে ও গলায় গুরুতর জখম হয়। স্বজনদের সঙ্গে হামলাকারী এক তরুণ রক্তাক্ত অবস্থায় হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, হাসান সপরিবার মান্ডার লেটকা ফকিরের গলিতে থাকত। তার বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানার বারারা গ্রামে। তিন ভাই এক বোনের মধ্যে সে দ্বিতীয় ছিল।

হাসপাতালে হাসানের ভাই মো. হাবীব উপস্থিত সাংবাদিকদের জানান, মান্ডা এলাকার ব্যান্ডেজ গ্রুপের কয়েকজন কিশোর হাসানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। খবর পেয়ে হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। কী কারণে কেন হাসানকে হত্যা করা হয়েছে, তা তিনি জানেন না। তিনি হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, জিজ্ঞাসাবাদে আটক তরুণ দাবি করেছেন, নিহত হাসান জুনিয়র গ্রুপের সদস্য।  জুনিয়র গ্রুপের সদস্যরা প্রথমে ব্যান্ডেজ গ্রুপের ওপর হামলা চালায়। তখন হাসানের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে ব্যান্ডেজ গ্রুপের সদস্যরা হাসানকে ছুরিকাঘাত করে। আটক তরুণকে মুগদা থানায় সোপর্দ করা হচ্ছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম জানান, স্থানীয় কিশোর গ্রুপের দ্বন্দ্বের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ইজে

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গা প্রত্যাবাসনে জোর দিয়ে মানবাধিকার কাউন্সিলে রেজুলেশন পাস
পরবর্তি সংবাদগুগল ও ফেসবুককে অর্থ আদায়ে বাধ্য করে আইন করছে অস্ট্রেলিয়া