কলাবাগান ও ভ্যালেন্টাইনস ডে: কী আশ্চর্য বৈপরীত্য!

মাওলানা মুহাম্মদ যাকারিয়া আবদুল্লাহ।। 

আমাদের তরুণ-সমাজের একাংশের ভয়াবহ স্খলন ও ভোগ-প্রবণতা শুধু তাদেরকেই নিঃশেষ করছে না; চারপাশের মানুষের জন্যও আতঙ্ক ও অশান্তি তৈরি করছে। এটা পশ্চিমের পুতিগন্ধময় সংস্কৃতিরই বিষফল। পশ্চিমা ভোগবাদ আমাদের মুসলিম দেশগুলোতেও এমনভাবে সংক্রমিত হয়েছে যে, মুসলমানিত্বের পরিচয় খুঁজে পাওয়াও দুষ্কর হয়ে পড়েছে। চিন্তা-চেতনা, আচরণ-উচ্চারণে প্রকট হয়ে আছে পাশ্চাত্যের অন্ধঅনুগামিতা । ভয়াবহ ব্যাপার হচ্ছে এটা এখন কারো ব্যক্তিগত বিষয় নয়; বরং তা সামাজিক ও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এর অনিবার্য পরিণতি এই হয়েছে যে, পরিবার, সমাজ, এমনকি শিক্ষা-প্রতিষ্ঠান থেকেও শিশু-কিশোরেরা রপ্ত করছে অশ্লীলতা ও ভোগবাদের শিক্ষা।

একজন সৎ ও সুশীল মানুষের জন্য চরিত্র ও নৈতিকতার যে মজবুত ভিত প্রয়োজন, দুঃখজনভাবে আমাদের শিক্ষা-ব্যবস্থা ও সমাজ-ব্যবস্থায় তার উপাদান অনুপস্থিত । ফলে শিক্ষা ও সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে কিশোর তরুণেরা ভাষা ও কৌশল রপ্ত করলেও সুস্থ হৃদয়বৃত্তি ও চারিত্রিক পবিত্রতা অর্জন করতে পারছে না। ধৈর্য, সংযম ও সহনশীলতার মতো গুণাবলি হয়ে পড়ছে নিতান্তই সেকেলে। সমাজের সর্বস্তরে ভোগবাদ এতই প্রকট হয়ে উঠেছে যে, অসংযমের যুপকাষ্ঠে বলি হয়ে যাচ্ছে নীতি নৈতিকতা ও চারিত্রিক পবিত্রতার মত গুণাবলী । অর্থ-বিত্ত, ক্ষমতা ও নারীসঙ্গই এখন সমাজের একটি বিশাল শ্রেণীর আরাধ্য হয়ে ওঠেছে। ভয়াবহ বিষয় এই যে, প্রচার-প্রচারণার সকল মাধ্যম একযোগে এই ধারাকেই উৎসাহিত করছে। পয়লা বৈশাখ, থার্টিফাস্ট নাইট, ভ্যালেন্টাইন ডে এবং এ জাতীয় দিবস ও দিবস কেন্দ্রিক নানা আয়োজন সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিচ্ছে অশ্লীলতা, অনৈতিকতা ও পৌত্তলিকতার নানা উপাদান ।

একজন শিশু এই পরিবেশেই চোখ মেলছে । এই বিষাক্ত পরিবেশেই তার মনোদৈহিক বৃদ্ধি ঘটছে। চারপাশের এই পরিবেশ থেকে তার হাতেখড়ি হচ্ছে অসংযম-অনৈতিকতায় । সে হয়ে উঠছে একজন চতুর ভোগবাদী। এরই কিছু দৃষ্টান্ত যখন সংবাদপত্রের শিরোনাম হয় তখন অনেকেই উদ্বিগ্ন হন। বিষণ্ণ বোধ করেন। কিন্তু অশ্লীলতা ও ভোগবাদের এই ধারা থেকে ফিরে আসার বা রোধ করার প্রেরণা বোধ করেন না ।কলাবাগানের ঘটনায় যারা উদ্বিগ্ন ও মর্মাহত হয়েছেন তাদেরই অনেকে এবারের ভ্যালেন্টাইন ডে’টাও হয়তো উদযাপন করবেন।

 

পূর্ববর্তি সংবাদদাওয়াতুল হকের ইজতেমায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্মপ্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদচতুর্থ ধাপে চলছে ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ