ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও তার সমর্থকেরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তিনি থানা ঘেরাও করেন।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কোম্পানীগঞ্জ চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজ টেকের বাজারে তার কিছু অনুসারীদের নিয়ে কাদের মির্জার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। এতে তিনি মেয়র কাদের মির্জার বিরুদ্ধে অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফখরুল ইসলাম সবুজকে আটকের খবর ছড়িয়ে পড়ে। পরে তাকে (সবুজ) পুলিশ ছেড়ে দিয়েছে এমন খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আবদুল কাদের মির্জা নিজেই থানা ঘেরাও করে থানার ফটক অবরোধ করে রেখেছেন।
আবদুল কাদের মির্জার দাবি, দায়িত্বে অবহেলার জন্য নোয়াখালীর ডিসি খুরশেদ আলম খান, এসপি মো. আলমগীর, কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ও ওসি তদন্ত মো. রবিউল হকের প্রত্যাহার ও কোম্পানীগঞ্জ চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজ ও তার আশ্রয়দাতা মিজানুর রহমান বাদল ও ফখরুল ইসলাম রাহাতকে গ্রেফতার না করা পর্যন্ত এ আন্দোলন চলবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনির বক্তব্য নিতে বারবার মোবাইলে চেষ্টা করার পরও তাকে পাওয়া যায়নি।
-আরএম
















