বাংলাদেশে লেনদেনে ভারতের ‘রু-পে’ কার্ড চালুর প্রস্তাব দোরাইস্বামীর

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে নগদ অর্থের ব্যবহার তুলে দিয়ে ‘রু-পে’ কার্ড চালুর প্রস্তাব দিয়েছে দেশটি।  সম্প্রতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে বাংলাদেশে ‘রু-পে’ কার্ড চালুর প্রস্তাব জানিয়ে চিঠি দিয়েছে ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য।

 

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতীয় হাইকমিশনারের প্রস্তাব পাওয়ার পর এটি পর্যালোচনা করতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে পাঠানো হয়েছে। ওই বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ‘রু-পে’ কার্ড চালুর ব্যাপারে একটি প্রস্তাব ফাইল আকারে তৈরির প্রক্রিয়া চলছে। এরপর সেটি নিয়ে একটি বৈঠক করা হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। বৈঠকে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ইতিবাচক হলে সেটি পাঠানো হবে কেন্দ্রীয় ব্যাংকে। সেখান থেকে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক অংশীদার। প্রতিবেশী এ দেশের সঙ্গে বাংলাদেশের বার্ষিক আমদানি-রফতানি বাণিজ্যের আকার প্রায় হাজার কোটি ডলার, যার ৯০ শতাংশই আবার বাংলাদেশের আমদানি। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ২০১৯-২০ অর্থবছরে ৯৭৫ কোটি ডলারের বাণিজ্য হয়েছে দুদেশের মধ্যে। সেখানে বাংলাদেশের রপ্তানি ১১০ কোটি মার্কিন ডলার। বাকিটা আমদানি করা হয়েছে। আর বাংলাদেশের আমদানির প্রায় ১৪ শতাংশের উৎস ভারত। স্বাধীনতার পর থেকে দুদেশের মধ্যে নগদ অর্থে লেনদেন হচ্ছে। তবে নতুন এ কার্ড চালু করা হলে কি ধরনের সুবিধা হতে পারে বিষয়টি জানতে চাইলে জয়পুরহাট চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ও ভারতের পণ্য আমদানিকারক আব্দুল হাকিম মণ্ডল  বলেন, পণ্য আমদানির ক্ষেত্রে পরিশোধকৃত অর্থের অঙ্ক অনেক বড় হয়। উদাহরণস্বরূপ এক হাজার টন চাল আমদানি করলে প্রয়োজন ৫ লাখ ডলার। এক্ষেত্রে একজন ‘রু-পে’ কার্ড হোল্ডারের লেদেনের লিমিট (সীমা) কত হবে সেটি বিবেচ্য বিষয়। তিনি আরও বলেন, স্থানীয় ব্যাংকগুলোর সহায়তায় ব্যবসা-বাণিজ্য করা হচ্ছে। কিন্তু হঠাৎ করেই এ ধরনের কার্ড চালু করা হলে জটিলতায় পড়তে হবে। কারণ এতে আমরা অভ্যস্ত নই।

অপর ব্যবসায়ী চাল আমদানিকারক লাইক আলী বলেন, নতুন এ ধরনের পদক্ষেপের সঙ্গে ব্যবসায়ীদের তাল মেলাতে কষ্ট হবে। যদিও এটি যুগোপযোগী। তবে ব্যবহার শুরুর পর ব্যবসায়ীরা কার্ড পরিচালনায় অভ্যস্ত হলে লেনদেন আরও সহজ হতে পারে।

-ইজে

পূর্ববর্তি সংবাদপশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রীর ওপর বোমা হামলা, আহত ১৩
পরবর্তি সংবাদবাড়তি অর্থ আদায়ের আইন পাস: অস্ট্রেলিয়ায় নিউজ পেজ ব্লক করল ফেইসবুক