ভারতের দেয়া সফটওয়্যারেই চলছে ইংরেজি থেকে বাংলায় রায় রূপান্তরের কাজ

ইসলাম টাইমস ডেস্ক: বিচারপ্রার্থীর বোধগম্য ভাষায় রায় প্রকাশ চলছে। ইংরেজি থেকে বাংলা ভাষায় রায় রূপান্তরের কার্যক্রম চলমান রয়েছে সুপ্রিম কোর্টে। সেই লক্ষ্যে দেশের সর্বোচ্চ আদালতে গঠন করা হয়েছে অনুবাদ সেল। কৃত্রিম বুদ্ধিমত্তা-সংবলিত ‘আমার ভাষা’ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট সেল থেকে এই রায় রূপান্তরের কার্যক্রম চলছে। ভারতীয় হাইকমিশন ঐ সফটওয়্যারটি বাংলাদেশ সরকারের মাধ্যমে সুপ্রিম কোর্টকে প্রদান করেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এই সফটওয়্যার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এই সফটওয়্যার ব্যবহার করে ১৯৬৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার ঘোষিত রায়টি অনুবাদ করা হয় বাংলা ভাষায়। ইতিমধ্যে প্রায় ৫০টি রায় ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করা হয়েছে।

এই সফটওয়্যার প্রসঙ্গে অনুুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘আমার ভাষা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা-সংবলিত সফটওয়্যারের মাধ্যমে সুপ্রিম কোর্টের ইংরেজি রায়সমূহ বাংলায় রূপান্তরিত হবে। পরে ঐ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জনসাধারণের জন্য প্রচার করা হবে। এই অনুবাদ প্রকল্পের উদ্বোধন উচ্চ আদালত তথা আইন অঙ্গনে গণমানুষের প্রবেশাধিকারকে মসৃণতর করবে।

গত বছরের ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে উচ্চ আদালতে বাংলায় রায় প্রদানের বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথা বলেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পরবর্তীকালে ভারতের প্রধান বিচারপতি শারদ আরবিন্দ ববডের’র আমন্ত্রণে দিল্লিতে অনুষ্ঠিত এক কনফারেন্সে যোগ দেন তিনি। সেখানে গিয়ে প্রধান বিচারপতি জানতে পারেন যে ভারতীয় সুপ্রিম কোর্ট ‘সুভাস’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা-সংবলিত সফটওয়্যার ব্যবহার করে ইংরেজিতে প্রদত্ত রায় বাংলাসহ নয়টি ভাষায় অনুবাদ করেছে। ভারত থেকে দেশে ফিরে প্রধান বিচারপতি প্রাক্তন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশকে এই সফটওয়্যারটি বাংলাদেশ সুপ্রিম কোর্টকে সরবরাহের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। পরবর্তীকালে বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে গত অক্টোবর মাসে প্রথম সাক্ষাতে এ বিষয়ে সহযোগিতা করতে অনুরোধ করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর পরই অত্যন্ত স্বল্প সময়ে ‘আমার ভাষা’ সফটওয়্যারটি উপহার হিসেবে বাংলাদেশকে দেওয়া হয়।

-ইজে

পূর্ববর্তি সংবাদঅভিযোগ না থাকায় দিল্লির তাবলিগে অংশ নেওয়া বিদেশিদের পাসপোর্ট ফেরতের নির্দেশ
পরবর্তি সংবাদসিরাজগঞ্জ এক্সপ্রেসের চাবি হারিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ, ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ