চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ১২ ঘণ্টায় ২ সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ১০ জন

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ইসলামনগর ও বানিয়ারছড়াস্থ মহেষখালীপাড়া রাস্তার মাথায় ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১০ জন।

চিরিংগা হাইওয়ে পুলিশের এসআই সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার অভিমুখী একটি মাইক্রোবাস ও এনা পরিবহনের সাথে সংঘর্ষে মাইক্রোবাস আরোহী চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী গ্রামের মুজিবুর রহমান (৩০) ও ডুলাহাজারা ইউনিয়নের এনামুল হক (২৫) ঘটনাস্থলে নিহত হন।

এ সময় গুরুতরভাবে আহত সুনিল (৫২), আবদুল হাকিম (৩২), জাফর (৮৫), তফসির (৩০), শুভ (৫০), আবদু রশিদ (২২), ও ওসমানকে (২৩) চকরিয়া হাসপাতালে আনা হলেও তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আবদুর রশিদ ও ওসমান ছাড়া অপর পাঁচজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অপর দিকে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে একটি দ্রুতগামী মিনিট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। তারা হলেন বরইতলী ইউনিয়নের ছোটন (২২) ও রামু উপজেলার গর্জনিয়ার সামশুল আলম (৩০)।

-এনটি

পূর্ববর্তি সংবাদআন্দামান সাগর থেকে উদ্ধার রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাতে চায় ভারত
পরবর্তি সংবাদলেখক মুশতাকের কুমিরের খামার দখল করে রেখেছেন প্রশান্ত কুমার হালদার!