ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহীতে ইংরেজি নববর্ষের দিনে অতিরিক্ত মদপানে শনিবার ভোরে হাসপাতালে ৩ জনের মৃত্যুর পর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সেই ৩ যুবকেরও মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জন।
রোববার বিকালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম ইশাকুল ইসলাম (২২)। তার বাড়ি নগরীর কাদিরগঞ্জ দরিখোরবোনা মহল্লায়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এর আগে গত শনিবার বিকাল ও রাতে রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। এছাড়া শনিবার ভোরে হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়।
মৃতরা হলেন- নগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫), মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫), হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) এবং নগরীর কাদিরগঞ্জ এলাকার সেলিম আহমেদের ছেলে মুন আহমেদ (১৮)।
আরো পড়ুন: ইংরেজি নববর্ষের উদযাপনে মদ পান, রাজশাহীতে ৩ যুবকের মৃত্যু, আশঙ্কাজনক আরও ৩
নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নববর্ষ উপলক্ষে শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে নগরীর হোসনীগঞ্জ এলাকায় এরা মদপান করে। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ছয়জনের মৃত্যু হলো। রাজশাহী মেডিকেল কলেজ মর্গে মৃতদের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
-এনটি
















