‘রাজাকার পরিবার’ বলায় এমপি একরামের বহিষ্কার দাবিতে অনশনে সেতুমন্ত্রীর ভাই

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বহিষ্কার না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার বিকালে ওবায়দুল কাদেরকে ‘রাজাকার পরিবার’ বলার প্রতিবাদে বসুরহাট রূপালী চত্বরে একরামবিরোধী বিক্ষোভ পূর্ববর্তী বক্তব্যে এসব কথা বলেন।

আবদুল কাদের মির্জা বলেন, অনেক দিন অপেক্ষা করেছি। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে বসুরহাট বঙ্গবন্ধু ম্যুরাল থেকে আমাদের ধর্মঘট প্রত্যাহার করেছি। আমরা কি বিচার পেয়েছি?

তিনি বলেন, একরাম চৌধুরী মাতাল অবস্থায় আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে চরম কটূক্তি করেছে। এ নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির পর সাংবাদিক সম্মেলন করে বঙ্গবন্ধু ম্যুরালে লাগাতার অবস্থান ধর্মঘট করবো।

আবদুল কাদের মির্জা স্পষ্টভাবে বলেন, নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কার ও নোয়াখালী জেলা কমিটি বিলুপ্তি এবং নোয়াখালীর অপরাজনীতি অনিয়ম দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত বসুরহাটের বঙ্গবন্ধু ম্যুরালে লাগাতার অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে। পরে এক বিরাট বিক্ষোভ মিছিল বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের সময় নোয়াখালী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে  লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে আখ্যায়িত করে কয়েকদিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলে হুমকি দিয়ে ভিডিও আপলোড করেন।

ইতিমধ্যে একরামুল করিম চৌধুরীর এ বক্তব্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।

২৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে তিনি বলেন, ‘দেশী মানুষ, স্লামালাইকুম। আমি কথা বললেতো মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসছে তার ভাইকে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলবো। আমার যদি জেলা কমিটি না আসে তাহলে আমি এটা নিয়ে শুরু করবো।’

-এসএন

পূর্ববর্তি সংবাদচার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
পরবর্তি সংবাদচীন আমাদের জমি দখল করলেও প্রধানমন্ত্রী নাম নিতে ভয় পান: ওয়াইসি