ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন রিপাবলিকান সিনেটররা যদি সাবেক প্রেসিডেন্টকে অভিশংসনের পক্ষে ভোট দেন তাহলে যুক্তরাষ্ট্রে আলাদা দল গঠন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্টের আশংকা, আগামী ৮ ফেব্রুয়ারি সিনেটে অভিশংসনের ব্যাপারে যে ভোটাভুটির কথা রয়েছে তাতে তার নিজ দল রিপাবলিকান পার্টির সদস্যরা তার বিরুদ্ধে ভোট দিতে পারেন।
ডোনাল্ড ট্রাম্প যদি সিনেটের ভোটাভুটিতে চূড়ান্তভাবে অভিশংসনের শিকার হন তাহলে তিনি আর কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কিংবা সরকারি কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। খবর ওয়াশিংটন পোস্টের।
এমন পরিস্থিতি বিবেচনায় রেখে ট্রাম্প এখন মনে করছেন, তৃতীয় কোনো দল গঠনের হুমকি দিলে রিপাবলিকান সিনেটররা তার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন।
এর আগে ট্রাম্পের ক্ষমতার শেষভাগে দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল সর্বপ্রথম জানিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প ‘প্যাট্রিয়ট পার্টি’ নামে একটি নতুন দল গঠনের চিন্তা করছেন।
গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হলেও ডোনাল্ড ট্রাম্প তা মেনে নিতে রাজি ছিলেন না। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে তিনি তার উগ্রবাদী সমর্থকদের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেন যার পরিপ্রেক্ষিতে হাজার হাজার সমর্থক মার্কিন কংগ্রেস ভবনে হামলা চালায়।
এই ঘটনায় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করেছে। এখন সিনেটে এ বিষয়ে ভোটাভুটি হবে।
-আরএম
















