বিশ্বজুড়ে টিকা কার্যক্রমের সুফল, কমতে ‍শুরু করেছে সংক্রমণ

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা কার্যক্রমের সুফল দেখছে বিশ্ব। কমতে শুরু করেছে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ। প্রায় সাড়ে ৪ মাসের মধ্যে সোমবার সবচেয়ে কম সংক্রমণ দেখল বিশ্ব।

এদিন বিশ্ব তিন মাসের বেশি সময়ের মধ্যে করোনায় সবচেয়ে কম মৃত্যুও দেখেছে।

ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৭২ হাজার ৯৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে যা ৪ মাস ১১ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ৪ অক্টোবর ২ লাখ ৬১ হাজার ২২১ জনের করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৬ হাজার ৫৭৩ জন যা ৩ মাস ৭ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ৮ নভেম্বর ৬ হাজার ২৩৩ জন মারা যান।

গত ৮ জানুয়ারি প্রায় ৮ লাখ সাড়ে ৪৫ হাজার জন করোনা সংক্রমিত হন যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এরপর থেকে করোনা সংক্রমণ নিম্নমুখী হয়।

গত ২০ জানুয়ারি করোনায় সর্বোচ্চ ১৭ হাজার ৫৯৪ জনের মৃত্যু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি ৮ হাজার ২২০ জন মারা যান। তবে ফের করোনায় মৃত্যু ঊর্ধ্বমুখী হয়। গত দুই দিন ফের কমে আসে করোনায় মৃত্যু।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ৯৬ লাখ ৭৫ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ২৪ লাখ ১৮ হাজার ৭শ’র বেশি।

সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজারের মতো শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন সাড়ে ৯শ’র বেশি। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ১৭ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৯৮ হাজার ২শ’র বেশি।

-ইজে

পূর্ববর্তি সংবাদ৫৫ পৌরসভার ভোটগ্রহণ: বিএনপির ২৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
পরবর্তি সংবাদআল জাজিরার প্রতিবেদন নিয়ে যা বলল বাংলাদেশ সেনাবাহিনী