ইসলাম টাইমস ডেস্ক : আজ ইংরেজি নতুন বছর ২০১৯ এর প্রথম দিন। নতুন বছরের আগমন উপলক্ষে বিশ্বজুড়ে আছে নানা আয়োজন। বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও কর্মসূচি। তবে ইন্দোনেশিয়ায় এবার ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানো হলো একটু ভিন্নভাবে।
দেশটির রাজধানী জাকার্তায় আয়োজন করা হয় গণবিয়ের। গরিব পরিবারের সদস্যদের জন্য জাকার্তা সিটি কর্তৃপক্ষ গণবিয়ের অনুষ্ঠানটি আয়োজন করে।
নতুন বছরের প্রথম দিনটি সেখানে শুরু হয় বৃষ্টি দিয়ে। বৃষ্টি উপেক্ষা করে তাবুর নিচে পাঁচ শতাধিক যুগল বিয়ে বন্ধনে আবদ্ধ হয়।
জাকার্তার গভর্নর আনিস বাশ্বেদান জানিয়েছেন, বিয়ে বাবা ও সন্তানদের চিকিৎসা ও শিক্ষাখাতের মতো সরকারি চাকরিতে প্রবেশে সহায়তা করে। গণবিয়ের জন্য নতুন বছরের সূচনালগ্নকে এ কারণে বেছে নেয়া হয়েছে, যদি তারা তাদের বিবাহ উৎসব উদযাপন করে, তাহলে সবাই এটিকে উদযাপন করবে। এমনকি গোটা বিশ্ব।
এর মাধ্যমে জাকার্তা সরকার দ্বিতীয় বারের মতো গণবিয়ের আয়োজন করল।
সেই সঙ্গে দ্বীপরাষ্ট্রটিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ সুনামিতে ক্ষতিগ্রস্তদের সম্মানে নতুন বছর উদযাপনে সব ধরনের কর্মসূচি ও আতশবাজির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গত ২২ ডিসেম্বরের ভয়াবহ ওই সুনামিতে চার শ’র বেশি মানুষের প্রাণহানি ঘটে।
সূত্র: জাকার্তা পোস্ট
















