ইসলাম টাইমস ডেস্ক : ন্যাশনাল আওয়ামী পার্টি—ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি—এনডিপি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ।
আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকালে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দল দুটি।
দল দুটির পক্ষে ‘জাতীয় ঐক্যফ্রন্ট ও বতর্মান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের অায়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি।
তিনি বলেন, ‘অাজকে এই মুহূর্ত থেকে ন্যাপ ও এনডিপি সাংবিধানিক এবং নিয়মতান্ত্রিক রাজনীতির স্বার্থে ২০ দলীয় জোটের শরিক হিসাবে সকল সম্পর্ক ছিন্ন করছে।’
সংবাদ সম্মেলনে বক্তব্যে জেবেল রহমান আরও বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের ক্ষেত্রে বি.চৌধুরীর সঙ্গে ফ্রন্ট গঠনের নায়কদের অাচরণ অামাদের হতাশ করেছে। ড. কামাল, অাসম রব বা বিএনপির নেতৃস্থানীয়দের কাছে জাতি এ ধরনের অাচরণ প্রত্যাশা করে না।’
সংবাদ সম্মেলনে এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়াসহ দল দুটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
















