ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপন উপলক্ষে আসছে ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও টানা তৃতীয়বারের মত নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মহাসমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাল শনিবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরের অন্তর্গত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ওবায়দুল কাদের।
















