প্রধানমন্ত্রী ইজতেমা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাবলিগ জামাতের আসন্ন বিশ্ব ইজতেমার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ দৈনিক প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখন ব্যস্ত আছেন। তাঁর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। আমাদের কোনো প্রস্তুতিও নেই। আমাদের একটা বড় ফোর্স মুভ করাতে হবে। আমাদেরও বিভিন্ন ধরনের প্রস্তুতি লাগে। আমরা তো এগুলো নিইনি।’

এ সময় সাদপন্থীদের ইজতেমা হলে আবারও উত্তেজনা দেখা দিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ‘আর বড় কথা হলো, বিরোধী পক্ষ এগুলো এখন হতে দেবে না। খুনোখুনি তো হয়েছেই। একটা উত্তেজনা রয়ে গেছে।’

তবে জানুয়ারি শেষভাগে ইজতেমার আয়োজন হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এই মাসের শেষের দিকে হতে পারে। আমরা চেষ্টা করব একসঙ্গে করার জন্য।’

পূর্ববর্তি সংবাদব্রাজিলে সন্ত্রাসীদের তাণ্ডব রুখতে সেনা মোতায়েন
পরবর্তি সংবাদমেয়াদপূর্ণ হওয়ার আগেই মালয়েশিয়ার সুলতানের পদত্যাগ