নির্যাতিতা নারীর খোঁজ নিতে সুবর্ণচরে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

ইসলাম টাইমস ডেস্ক : ভোটের দিন রাতে নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীর খোঁজখবর নিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকনের নেতৃত্বে আজ বুধবার এক প্রতিনিধি দল নোয়াখালী সদর হাসপাতালে গেছেন। এ সময় নির্যাতিতা নারীর চিকিৎসার জন্য তারা নগদ অর্থ সহায়তা দেন।

নির্যাতিতা নারী খোঁজখবর নেওয়ার পরে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, অতীতে কোনো জালেম টিকেনি, নব্য জালেমরাও টিকবে না। দুর্নীতি দুঃশাসন ও মাস্তানতন্ত্রের কারণে পারুল বেগমরা দিনের পর দিন নির্যাতিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাস্তানদের সহযোগিতা করায় নিরীহ মানুষ মুখ বুজে জুলুম নির্যাতন সহ্য করে যাচ্ছে দিনের পর দিন।

তিনি বলেন, জাতি হিসেবে এই ঘটনা সবাইকে অত্যন্ত হেয় প্রতিপন্ন করেছে। কোনো গণতান্ত্রিক দেশে এমন ঘটনা কল্পনা করা কঠিন। এই ঘটনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করেছে।

তিনি আরো বলেন, এই লজ্জা শুধু নির্যাতিতা নারীর নয়, সমগ্র জাতির। তিনি নির্যাতিত নন বরং নির্যাতিত হয়েছে মানবাধিকার।

অধ্যাপক আশরাফ আলী আকন হাসপাতালে সাংবাদিকদের বলেন, ভোটের অধিকার থেকে আওয়ামী লীগ মানুষকে বঞ্চিত করেছে। তাদের প্রতারিত করেছে। জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান নেওয়া দেশের রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করবে। বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করার তাদের যে নীলনকশা, সেদিকে তারা এগিয়ে গেল।

সকালে ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে রওনা হন ইসলামী আন্দোলন নেতারা। এরপর দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ মিলে সুবর্ণচরে পৌঁছান। এ সময় ক্যাপ্টেন ইব্রাহীম, মাওলানা নজির আহমদ, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা সহিদুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল- মাসউদ, দিদার হোসাইন, ইকবাল হোসাইন, হাবিবুর রহমানসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কয়েক শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদরংপুরে পটকার আগুনে আহত ২ শিশু
পরবর্তি সংবাদ টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারী নিহত