হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমাদ শফীর একটি বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার পরও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কটাক্ষমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আরীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা হামিদী বলেন, আল্লামা আহমাদ শফী নিজেই তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে কথার মর্ম বুঝিয়ে দিয়েছেন। সেখানে তিনি নারীদের উচ্চ শিক্ষার বিরুদ্ধে নয়; বরং সহশিক্ষার বিরুদ্ধে এবং মুসলিম সাবালিকা নারীদের ফরজ পর্দা পালনের কথা বলেছেন। নারীদের যেন ইজ্জত-সম্ভ্রম সম্মান নিয়ে নিরাপত্তার সাথে শিক্ষা গ্রহণের পরিবেশ নিশ্চিত হয়। তিনি মেয়েদের জন্য পৃথক শিক্ষালয়ের ব্যবস্থা করার জন্য গুরুত্ব দিয়েছেন।
আল্লামা আহমাদ শফীর সুস্পষ্ট ব্যাখ্যার পর মুসলমানের প্রতিবাদ করার সুযোগ নেই। তারপরও কিছু বাম ও কথিত নারীবাদীদের সাথে তাল মিলিয়ে ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লামা আহমাদ শফীর সমালোচনা করায় জাতি বিস্মিত ও ব্যথিত। আল্লামা আহমাদ শফীকে কটুক্তি ড. কামাল ও ফখরুলের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।
বিবৃতিতে মাওলানা হামিদী ড. কামাল ও মির্জা ফখরুলকে আল্লাম শফীর কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন।
মাওলানা হামিদী বলেন, ইসলামী দলগুলোর উচিত ঐক্যফ্রন্ট ও বিএনপিকে ত্যাগ করা। ইসলাম বিদ্বেষী সেক্যুলারদের সাথে ঐক্যে থাকার কোন যৌক্তিকতা নেই।
















