রাজনীতিকে বিদায় জানাচ্ছেন বিএনপির জেনারেল মাহবুব

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান রাজনীতি থেকে অবসরের চিন্তাভাবনা করছেন। এরই মধ্যে দলের স্বাভাবিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। স্থায়ী কমিটির বৈঠকেও যোগদান থেকে বিরত রয়েছেন। অবশ্য রাজনীতি থেকে অবসরের বিষয়ে তিনি এখনো পর্যন্ত বিএনপিকে আনুষ্ঠানিক কোনো চিঠি দেননি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজে থেকেই সরে দাঁড়ান জেনারেল মাহবুব। বিএনপির এই দুঃসময়ে কেন অবসর নেওয়ার চিন্তা করছেন জানতে চাইলে গণমাধ্যমকে বলেন, শারীরিকভাবে আমি অসুস্থ। তা ছাড়া বাংলাদেশে সুরাজনীতির ভবিষ্যৎ অন্ধকার। তরুণদেরও রাজনীতিতে জায়গা করে দেওয়া উচিত বলে মনে করি। তাই এখন আমার অবসর নেওয়াই উচিত।’

দেশের বর্তমান রাজনীতি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে জেনারেল মাহবুব গণমাধ্যমকে বলেন, ‘দেশে তো এখন সৎ রাজনীতি নেই। বাংলাদেশে সুরাজনীতির ভবিষ্যৎ অন্ধকার। দুর্নীতির বিরুদ্ধে, মানুষের কল্যাণের রাজনীতি এমনকি দেশের ভাবমূর্তি উন্নয়নের রাজনীতি নিয়েও আমার মনে সন্দেহ চলে এসেছে। সুশাসন, গণতন্ত্র, ভোটাধিকার এগুলোর অভাব স্পষ্ট। বাংলাদেশে যারা সত্যিকারার্থে রাজনীতি করতে চান, তারাই এখন সন্দেহ অবিশ্বাসে ভুগছেন। দেশে চরম রাজনৈতিক অবক্ষয় ঘটছে। রাজনৈতিক সৌজন্যতাবোধ নেই। প্রতিহিংসা আর জিঘাংসার রাজনীতি বিদ্যমান। নীতির প্রশ্নে আদর্শের প্রশ্নে রাজনীতি এখন দেউলিয়া হয়ে যাচ্ছে।’

জেনারেল মাহবুব বলেন, বর্তমান বিএনপির কঠিন দুঃসময় চলছে। এই সময় তাদের ধৈর্য ও সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। অতীতে অনেক ভুলত্রুটি হয়েছে। এগুলো শুধরাতে হবে। বিএনপিতে অনেক ভালো নেতা রয়েছেন। তাদের খুঁজে বের করে আনতে হবে।

পূর্ববর্তি সংবাদমহাপরাজয়ে বিএনপির শৃঙ্খলা ভেঙে গেছে : বি. চৌধুরী
পরবর্তি সংবাদকুরআন শরিফ পড়ার সময় সালাম দিলে তিলাওয়াতকারীর করণীয় কী?