আজ বিকালে রাজনীতিবিদদের সঙ্গে প্রধানমন্ত্রীর চা-চক্র

ইসলাম টাইমস ডেস্ক : আজ শনিবার (২ ফেব্রুয়ারি) রাজনীতিবিদদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্র । যেসব রাজনৈতিক দল নির্বাচনে এবং নির্বাচন পূর্ববর্তী সংলাপে অংশ নিয়েছিল, তাদেরকে চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আগের সংলাপে অংশ নিলেও এবার চা-চক্রে অংশ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তারা।

শনিবার বিকাল সাড়ে তিনটায় গণভবনের এই চা-চক্র শুরু হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সবুজ লনে চা-চক্র অনুষ্ঠিত হবে বলে জানা যায়। এতে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টসহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের সংলাপ হয়। এর ধারাবাহিকতায় চা-চক্রে অংশ নেওয়ার জন্য দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রটোকল উইং সূত্রে জানা যায়, ১৪ দল, জাতীয় পার্টি, যুক্তফ্রন্টসহ বামদলগুলোকে শনিবারের চা-চক্রে নিমন্ত্রণ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক এবং সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে চা-চক্রে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী।

পূর্ববর্তি সংবাদআজ বিশ্বব্যাপী ‘হিজাব দিবস’ পালিত
পরবর্তি সংবাদওয়াজেহ রশীদ নদভী রহ. জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত