চাঁদপুরে অজ্ঞাত রোগে আক্রান্ত শতাধিক শিক্ষার্থী

ইসলাম টাইমস ডেস্ক: অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলার নন্দনপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। তাদের মধ্যে ৪৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৪০ জন শিক্ষার্থী স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

খবর পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) রুমন দে ও কচুয়া থানা পুলিশের ওসি (তদন্ত) শাহজাহান কামাল বিকেলে হাসপাতালে গিয়ে আক্রান্ত শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চম শ্রেণির এক ছাত্রী হঠাৎ করে শ্রেণিকক্ষে ঘুরে পড়ে। পরে তাকে দেখে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জ্ঞান হারিয়ে শ্রেণিকক্ষে ঘুরে পড়তে থাকে। এ অবস্থা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। অজ্ঞাত রোগে আক্রান্ত শিক্ষার্থীদের কচুয়া সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. সোহেল রানা বলেন, আমাদের ধারণা প্রথমে যে ছাত্রী আক্রান্ত হয়েছে সে না খেয়ে বিদ্যালয়ে এসেছে। ক্ষুধার কারণে সে ঘুরে পড়তে পারে। তার এ অবস্থা দেখে আতঙ্কে অন্যরা আক্রান্ত হতে থাকে। এটিকে গণহিস্টিরিয়া বলা হয়। আক্রান্ত শিক্ষার্থীদের নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। উপযুক্ত চিকিৎসায় দ্রুত হয়ে উঠবে তারা।

পূর্ববর্তি সংবাদপুকুরের মাছ চুরির অভিযোগে এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদপুরোপুরি একটি নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে: নুরুল আম্বিয়া