‘রাস্তায় নামেন, রাস্তায় বসে মোনাজাত ধরেন’: বিএনপিকে ডা. জাফরুল্লাহ চৌধুরী

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি নেতাকর্মীদের সম্বোধন করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, “রাজপথে নামেন। ভ্যান-ট্রাক নিয়ে মিছিল করেন। শোডাউন দিন। রাস্তায় বসে মোনাজাত ধরেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতরে বসে হাতি-ঘোড়া মারলে খালেদা জিয়ার মুক্তি আসবে না।”

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

মওদুদ-মোশাররফকে রাস্তায় নেমে আন্দোলন করার এবং তারেককে ‘রিজভী’ না হওয়ার আহ্বান জানালেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, “আগামীতে প্রত্যেক দিন মিছিল করেন। রাস্তায় থাকেন। ব্যারিস্টার মওদুদ-মোশাররফ হোসেন রাস্তায় আসেন।”

বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজপথের আন্দোলন ছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভন নয়।

তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, “আপনি লন্ডনে বসে স্কাইপিতে কথা বলবেন ঠিক আছে। তবে সিনিয়র নেতাদের সঙ্গে বসেন। তা না হলে ভুল ভ্রান্তি হবে। আপনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীদের ধৈর্য ধরতে হবে। রিজভীর মাধ্যমে মিটিং না করে সিনিয়র নেতাদের ডাকেন। আপনি আরেকজন রিজভী হয়ে যাবেন না।”

জাফরুল্লাহ বলেন, বিএনপি আজকে যদি চায়, আজ বিকালে এখানে ১ হাজার মহিলার জমায়েত হতে পারে। সবাই রাস্তায় বসে থাকেন। এরপরও কিছু না হলে রাস্তায় বসে খোদার কাছে মোনাজাত ধরেন। একদিন বিএনপি। আরেকদিন ছাত্রদল, তারপর যুবদল, স্বেচ্ছাসেবক দল-এভাবে টানা ১৭দিন মাঠে থাকেন। খালেদা জিয়ার মুক্তি অবশ্যই হবে।

এসময় তিনি ঐক্যফ্রন্ট করে বিএনপি আরো লাভবান হয়েছে বলেও মন্তব্য করে বলেন, ঐক্যফ্রন্ট বিএনপিকে নতুন জীবন দিয়েছে। ঐক্যফ্রন্ট না হলে তারা রাস্তায় বের হতো পারতো না। ড. কামাল হোসেন সব ধরনের চেষ্টা করেছেন। তবে হাসিনা কথার বরখেলাপ করেছেন। তিনি কোনো কথা রাখেননি।হাসিনাকে বিশ্বাস করেছিলাম আমরা। ঐক্যফ্রন্ট নির্বাচন গিয়ে ২০১৪ সালে খালেদা জিয়ার সিদ্ধান্ত যে সত্য ছিলো তা প্রমানিত হয়েছে। এটাতে বিএনপি লাভবান হয়েছে।

এসময় বিএনপিকে ভারত থেকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে জাফরউল্লাহ বলেন, ভারত একটি আজব দেশ। যেখানে দুধের চেয়ে গো মুতের বেশি মূল্য।

পূর্ববর্তি সংবাদজড়ো হয়েছে, সমাবেশ করতে পারেনি নারায়ণগঞ্জ বিএনপি
পরবর্তি সংবাদইয়েমেনে ফায়ারিং স্কোয়াডে দুই যুবককে হত্যা