ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর এয়ারপোর্ট স্টেশনে ট্রেন দুর্ঘটনায় বদরুদ্দোজা হাসান নামে এক হাফেযে কুরআন ইনতেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ৬ টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত বদরুদ্দোজা হাসান নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার কাজীনগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের আলী করীম এর ছেলে। তিনি দীর্ঘ সাত-আট বছর যাবৎ হিফজ বিভাগের খেদমতে ছিলেন৷ ঢাকার মুহাম্মদপুরে জামিয়া আশরাফুল মাদারিসে কয়েক বছর খেদমত করেন এবং ডেমরার ইশাআতুল উলুম মাদরাসায় হিফজ বিভাগের শিক্ষকতা করেন।
বর্তমানে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ইমামতির দায়িত্বপালন করছিলেন৷
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মাগরিবের পর বদরুদ্দোজা হাসান ফোনে তার ভগ্নিপতি যাত্রাবাড়ির জামিয়াতুল মাআরিফের শিক্ষক মাওলানা নকীব বিন মুজীবের সঙ্গে কথা বলেন। তখন তিনি এ কথাও বলেন, তার ভালো লাগছে না। কোনো কিছুতেই তার মন বসছে না। এর একটু পর রাত নয়টার দিকে হঠাৎ তার মৃত্যুর খবর পাওয়া যায়। এয়ারপোর্ট স্টেশনে তিনি রেল দুর্ঘটনায় নিহত হন। মরহুমের আত্মীয়স্বজন তার মাগফিরাত ও দারাজাত বুলান্দির দোয়া চেয়েছেন।
ডেমরার ইশাআতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান জানান, হাসান সাহেব একজন আদর্শ শিক্ষক। সব সময় হাসিমুখ থাকা, সুন্নত ও নফল আমল, মাসনুন দোয়া পাবন্দির সঙ্গে আমল করতেন। তার লেনদেন সাফ ছিল। স্বভাবে তিনি কিছুটা লাজুক ছিলেন। ছাত্রদের প্রতি মহব্বতকারী ছিলেন। তাদের প্রায়ই তিনি হাদিয়া দিতেন। চলে আসার পরও তিনি আগের প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন। খারাপ লাগছে, মাত্র সপ্তাহ দুয়েক আগে তিনি বিয়ে করেছেন।
















