সংবিধান লঙ্ঘনকারীরা দেশের উন্নয়ন বাদ দিয়ে নিজেদের উন্নয়নে ব্যস্ত ছিলো : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতে সংবিধান লঙ্ঘনকারীদের কারণে দেশ বারবার পিছিয়ে গেছে। তারা ক্ষমতায় এসে সম্পদের পাহাড় গড়েছে। তারা দেশের উন্নয়ন বাদ দিয়ে নিজেদের উন্নয়নে ব্যস্ত ছিলো।

রোববার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধান লঙ্ঘনকারীরা ক্ষমতায় এসে দেশের উন্নয়ন বাদ দিয়ে নিজেদের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিল। জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ না করে, তারা নিজেদের ভাগ্যবদল করেছে। দেশ এখন উন্নয়নের রোল মডেল।

দেশের উন্নয়নে মন্ত্রণালয়ের কর্তাদের আরও বেশি শ্রম দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের সব কাজ পরিকল্পিতভাবে করতে হবে। এ জন্য কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনাও দেন তিনি।

সরকারি কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

স্থানীয় সরকার মন্ত্রণালয়কে উপজেলাভিত্তিক মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশনা দিয়ে তা দ্রুত বাস্তবায়ন করারও তাগিদ দেন সরকারপ্রধান। পাশাপাশি সুপেয় পানির নিশ্চয়তা, স্যানিটেশন, রাস্তার উন্নয়ন, জনস্বাস্থ্য নিশ্চিত করার ওপর জোর দেন।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এলে মন্ত্রী তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

টানা তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেছেন তিনি।

পূর্ববর্তি সংবাদইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : বেফাক
পরবর্তি সংবাদপটুয়াখালীতে ট্রলার ডুবি : ৩৬ ঘণ্টা পর দুই শ্রমিকের লাশ উদ্ধার