ইসলাম টাইমস ডেস্ক : আজ বিকালে জরুরি বৈঠক আহবান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ২৪ ফেব্রুয়ারির গণশুনানি সফল করতেই এই বৈঠক আহবান করা হয়েছে বলে জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে বিকেল ৪টায় জোটের আরামবাগের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
তবে চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাকায় বৈঠকে থাকতে পারছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঐক্যফ্রন্টের দফতরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকের বিষয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত কর্মসূচি আগামী ২৪ ফেব্রুয়ারি আহূত গণশুনানি কীভাবে সফল করা যাবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে।
বৈঠকে স্টিয়ারিং কমিটির নেতা জাসদ সভাপতি আ স ম আবদুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমানসহ সব নেতার উপস্থিত থাকার কথা রয়েছে।
















