ইসলাম টাইমস ডেস্ক: বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিকদের প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক প্রদীপ কুমার মন্ডল।
রবিবার সন্ধ্যা ৬টা ৮মিনিটে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এবং বাংলাভিশন টিভি চ্যানেল ও দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামানকে ০১৭৩৬-৫০০৫৬৪ নাম্বারের মোবাইল ফোন থেকে ২ মিনিট ৫২ সেকেন্ড সময় ধরে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় হুমকি দেওয়া হয়। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজসহ শহরের সুলতানপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে শায়েস্তা করা হবে বলেও হুমকি দেন তিনি।
এরপর রাত ৮টা ৩১ মিনিটে ০১৯৬৭-৫৪৬৬৯৬ নাম্বার মোবাইল ফোন থেকে দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদের নিজস্ব নাম্বারে কল করে ২ মিনিট ৭ সেকেন্ড সময় ধরে প্রদীপ কুমার মন্ডল হুমকি দিতে থাকেন। পত্রিকা অফিসে এ সময় অন্য স্টাফরাও উপস্থিত ছিলেন। এ সময় প্রদীপ কুমার মন্ডল সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে শহরের যেখানে পাবে সেখানে প্রকাশ্যে লোকজনের সামনে হাত-পা ভেঙে, পেটের নাড়ি বের করে হত্যা করা হবে বলে হুমকি দেন। এ সময় তিনি এই দুই সাংবাদিককে হত্যা করারও হুমকি দেন।
আরও পড়ুন : অফিস সহকারী বাবুর ৫ কোটি টাকার বাড়ি!
এদিকে, এ ঘটনায় তীব্র নিন্দাসহ হিসাব রক্ষক প্রদীপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিবৃত্তি দিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী ও সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীসহ সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বহী কমিটির সকল সদস্যবৃন্দ।
আরও পড়ুন : আদর্শগত ভিন্নতার কারণেই ভিন্নভাবে ইজতেমা : সাদপন্থী মাওলানা আশরাফ আলী
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি-১৯ তারিখে সাতক্ষীরা থেকে প্রকাশিত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় ‘শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী প্রদীপ কুমার মন্ডলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ, ৫ কোটি ব্যয়ে শহরে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি পরবর্তীতে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে গাত্রদাহ শুরু হয় প্রদীপের। তারপর থেকে তিনি সাংবাদিকদের নামে মামলা ও হত্যার হুমকি দিতে থাকেন।’
















