পাকিস্তান সীমান্তের ভেতর ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে : বিবিসি

ইসলাম টাইমস ডেস্ক : গতকাল পাকিস্তানের সীমানা অতিক্রম করে ভারতীয় বিমান বাহিনীর বোমা বর্ষণের পর আজ ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মীরে বোমা বর্ষণ এবং দুটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে  পাকিস্তান বিমান বাহিনী।

পাকিস্তানে বিবিসির একজন সংবাদদাতা নিশ্চিত করেছেন যে পাকিস্তানের সীমান্তের ভেতরে একটি ভারতীয় ফাইটার বিমান বিধ্বস্ত হয়েছে।

আজ বুধবার ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে এই বোমা বর্ষণের খবর পাওয়া যায়।

পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর দাবি করেছেন যে তাদের বিমান বাহিনী ভারতীয় দু’টো বিমানকে ভূপাতিত করেছে এবং একজন ভারতীয় পাইলটকে গ্রেফতার করেছে।

ভারত শাসিত কাশ্মীরের রাজৌরি জেলায় নওশেরা সেক্টরে কয়েকটি পাকিস্তানী যুদ্ধ বিমান থেকে বোমা ফেলা হয়।

মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, সকালে ভারতীয় বিমান দুটি স্বাধীনতাকামীদের উপর বোমাবর্ষণের পর তা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানী আকাশ সীমায় ঢুকে পড়েছিল। দু’টিকেই গুলি করে নামানো হয়েছে, একটি বিমান পাকিস্তান শাসিত এলাকায় ভেঙ্গে পড়ে, অন্যটি ভূপাতিত হয়েছে ভারত শাসিত এলাকায়।

পাকিস্তানী অঞ্চলে ভেঙ্গে পড়া ভারতীয় বিমানটির পাইলটকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয় যে পাকিস্তানের আকাশসীমার মধ্য থেকেই আজ লাইন অব কন্ট্রোলের অন্যপাশে আক্রমণ চালিয়েছে পাকিস্তান বিমান বাহিনী।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহম্মদ ফয়সাল বলেন, ‘পাকিস্তানের বিমান বাহিনী নিজেদের সীমানার মধ্যে থেকেই নিয়ন্ত্রণ রেখার অন্যদিকে বোমা ফেলেছে। ’

পাকিস্তানের তরফে এটাও বলা হচ্ছে যে তারা উত্তেজনা বৃদ্ধি চায় না, কিন্তু যদি সে পথেই যেতে তাদের বাধ্য করা হয়, তাহলে যে পাকিস্তানী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, তা প্রমাণ করতেই দিনের আলোয় এই অপারেশন চালানো হয়েছে।

অবশ্য ভারতীয় কর্মকর্তাদের সূত্র উদ্ধৃত করে জানাচ্ছে যে তিনটি পাকিস্তানী যুদ্ধ বিমান ভারত শাসিত কাশ্মীরের আকাশ সীমায় ঢুকে পড়েছিল। আর পিটিআই বলছে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বিমানগুলিকে ধাওয়া করে ।

এদিকে রাজৌরি আর পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা কাছাকাছি এলাকা থেকে সাধারাণ মানুষরা পালিয়ে যাচ্ছেন।

শ্রীনগর, জম্মু, লেহ, চন্ডীগড় – এই চারটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সব ধরনের বেসামরিক বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র : বিবিসি বাংলা

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনওর ওএসডি আদেশ বাতিল
পরবর্তি সংবাদউত্তরায় মামলা না নেওয়ায় শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ