ইসলাম টাইমস ডেস্ক : গতকাল অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র উপনির্বাচনে ভোট পড়েছে ৩১.০৫ শতাংশ। অর্থাৎ ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জনের মধ্যে ভোট দিয়েছেন ৯ লাখ ২৩ হাজার ২৬ ভোট।
প্রদত্ত ভোটের মধ্যে ১৯ হাজার ৫১৩টি বাতিল করা হয়েছে। ১ হাজার ২৯৫টি কেন্দ্রের মধ্যে কোনও কেন্দ্রেরই ভোট স্থগিত হয়নি।
তবে নির্বাচন কমিশন (ইসি) আশা করছিলো ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন ও দুই সিটির (উত্তর ও দক্ষিণ) সম্প্রসারিত অংশে কাউন্সিলর পদে নির্বাচনে সব মিলিয়ে ৫০ শতাংশের মতো ভোট পড়বে।
নির্বাচনে ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আতিকুল ইসলাম। এক হাজার ২৯৫টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৯ লাখ ৪২ হাজার ৫৩৯টি। এই ভোটের আট ভাগের এক ভাগ এককভাবে না পাওয়ায় জামানত হারিয়েছেন মো. শাফিন আহমেদ, মো. আনিসুর রহমান দেওয়ান, মো. আব্দুর রহিম ও শাহীন খান। তারা যথাক্রমে জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, স্বতন্ত্র ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
জামানত রক্ষার জন্য একজন মেয়র প্রার্থীকে পেতে হতো এক লাখ ১৭ হাজার ৮১৭ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মো. আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন ৮ হাজার ৬৯৫ ভোট (আম প্রতীক নিয়ে), স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রহিম টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৪০ ভোট এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) শাহীন খান পেয়েছেন ৮ হাজার ৫৬০ ভোট। তার প্রতীক ছিল বাঘ। বিজয়ী আতিকুল ছাড়া বাকি চার মেয়র প্রার্থীরই জামানত বাতিল হয়েছে।
















