ইসলাম টাইমস ডেস্ক : কাশ্মীর সংকটকে ঘিরে ভারত-পাকিস্তান যুদ্ধন্মুখ উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী।
তিনি বলেছেন, যুদ্ধের মাধ্যমে কাশ্মীর সংকটের সমাধান হবে না। ভারত ও পাকিস্তানের মধ্যে স্থায়ী শান্তি স্থাপনের জন্য কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। এই সংকট শান্তিপূর্ণভাবে সহজে সমাধান করতে হলে অবশ্যই ১৯৪৮ সালের জাতিসংঘ প্রস্তাব মেনে কাশ্মীরে গণভোটের আয়োজন করতে হবে।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
জমিয়ত মহাসচিব আরও বলেন, যুদ্ধ সব সময় ধ্বংস বয়ে আনে। অগণিত নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেয়। অগণিত জনবসতি ও সম্পদ ধ্বংস করে।
উভয় দেশকে সতর্ক করে আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, একথা ভুলে গেলে চলবে না যে, ভারত-পাকিস্তান উভয় দেশই পারমাণবিক অস্ত্রে সজ্জিত দেশ। দুই দেশ সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়লে ভয়াবহ ধ্বংসাত্মক পরিণতি দুই দেশেই সীমাবদ্ধ থাকবে না। দুই দেশের মধ্যে যারা যুদ্ধের প্রতি উস্কানী দিচ্ছেন, তারা কতটা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন ভাবাই যায় না।
তিনি বলেন, ভারতের উচিত, কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রতি সম্মান জানানো এবং ভারতসহ অত্র অঞ্চলের গণমানুষের নিরাপত্তা, শান্তি ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে জাতিসংঘ প্রস্তাব মেনে নিয়ে কাশ্মীরে গণভোটের আয়োজন করে শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটা।
















