ইসলাম টাইমস ডেস্ক: সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে সিঙ্গাপুরে অবস্থানরত গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসক টিমের সদস্য বিএসএমএমইউর নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসের রিজভী আজ সকালে জানান, ওবায়দুল কাদেরের অবস্থা অনেকটাই স্থিতিশীল। সব কিছু ঠিক থাকলে সপ্তাহখানেক পর তার ওপেন হার্ট সার্জারি করা হবে।
মঙ্গলবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করতে গিয়ে এ তথ্য জানিয়েছেন তারা।
চিকিৎসকরা জানান, সপ্তাহখানেক পর ওবায়দুল কাদেরের ওপেন হার্ট সার্জারি করা হবে। তারা আরও জানান, ওবায়দুল কাদেরের শরীরে ইনফেকশন রয়েছে। এ ছাড়া তার কিডনিতেও সমস্যা রয়েছে। তবে সেগুলো গুরুতর নয়। আগামী দুদিন তার কিডনি ডায়ালাইসিস করা হবে।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করা হয়। এতে দেখা যায়, তার হার্টে তিনটি ব্লক। ব্লকের পরিমাণ যথাক্রমে ১০০ শতাংশ, ৯৯ শতাংশ ও ৮০ শতাংশ।
ওবায়দুল কাদেরের শরীরে কিডনিসহ অন্যান্য সমস্যা থাকায় বিএসএমএমইউর চিকিৎসকরা ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নিতে পারেননি। গত দুদিনে তার অন্যান্য শারীরিক জটিলতা কমে আসায় এবং হৃৎপিণ্ডে রক্ত চলাচল স্বাভাবিক করতে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা তার ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নিলেন।
মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও প্রিন্সিপাল অধ্যাপক ড. ফিলিপ কোহের তত্ত্বাবধানে ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে। সেখানে ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদের ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসের রিজভী।
সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দলীয় সাধারণ সম্পাদকের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নিচ্ছেন।
সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। রাত ৮টা দিকে বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি ল্যান্ড করার পরই তাকে নেয়া হয় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।
















