ইসলাম টাইমস ডেস্ক: র্যাব-১ এর সিপিসি-৩ রূপগঞ্জ টিমের সদস্যরা একটি যাত্রীবাহী বাস থেকে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করেছেন। এই ঘটনায় দুই জনকে আটক করেছে র্যাব।গতকাল বুধবার বিকেলে র্যাব-১- কোম্পানি-৩ এর রূপগঞ্জ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনের কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক দিয়ে একটি পরিবহন বাসে বিপুল পরিমান ফেন্সিডিল বহন করে নিয়ে যাওয়া হচ্ছে।
পরে র্যাব এর একটি টিম গোরাই মিলগেট এলাকায় ওই যাত্রীবাহী বাসটি আটক করেন। এসময় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর থানার দাউদপুর এলাকার মৃত মোজাহারের ছেলে আব্দুল হান্নান ও নবাবগঞ্জ থানা তিখুর এলাকার মৃত ইহছাক আলী ছেলে তাহাজুল ইসলাম মধূ।
আটককৃত দুইজন র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, তারা ফেন্সিডিলগুলো ঢাকায় এনে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করবে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার সুজয় সরকার এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
















