ইসলাম টাইমস ডেস্ক: ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান বলেছেন, উপজেলা নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে নির্বাচন কমিশন (ইসি) তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেবে।
আজ শনিবার বিকেলে ইসি সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেছেন ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান।
মুখলেসুর রহমান বলেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য ইসি সচিবালয়ে একটি মনিটরিং সেল থাকবে। কোনো উপজেলায় কোনো ধরনের অনিয়ম হলে মনিটরিং সেল তাৎক্ষণিক ইসিকে তা জানাবে। ইসি সে অনুযায়ী ব্যবস্থা নেবে। এমনকি দায়িত্বে অবহেলা করলে কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
রোববার থেকে সারা দেশে পঞ্চম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মোখলেছুর রহমান জানান, প্রথম ধাপে নির্বাচনের জন্য ইসি ৮৭টি উপজেলার তফসিল ঘোষণা করেছিল। পরে আদালতের নির্দেশে তিনটি এবং নির্বাচন সুষ্ঠু হবে না নিশ্চিত হয়ে ইসি তিনটি উপজেলার নির্বাচন স্থগিত করেছে। এ ছাড়া তিনটি উপজেলার সব কটি পদে একজন করে প্রার্থী থাকায় সেখানে ভোট গ্রহণের প্রয়োজন হচ্ছে না। এই তিনটি উপজেলা হলো: জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ এবং নাটোরের সদর উপজেলা। তাই রোববার ৭৮ উপজেলায় ভোট হচ্ছে।
মোখলেছুর রহমান আরও জানান, ৭৮ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০ জন। মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৮৪৭টি। চেয়ারম্যান পদে ২০৭, ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৮ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৫, ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন রয়েছেন।
















