তাবলিগ ইস্যুতে মুফতী ইজহারের সঙ্গে একমত নয় তার দল

ইসলাম টাইমস ডেস্ক : তাবলিগ ইস্যুতে মুফতী ইজহারুল ইসলাম চৌধুরীর সঙ্গে একমত নয় তার দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা নিজেদের এই অবস্থানের কথা জানান।

বিবৃতিতে দলের একাধিক সিনিয়র নেতাকে উদ্ধৃত করে বলা হয়, তাবলিগের কাজে দেশের ওলামায়ে কেরামের ফায়সালার সাথে আমরাও একমত। ভারতের বিতর্কিত মাওলানা সাদ সম্পর্কে ওলামাদের সিদ্ধান্তই সঠিক।

গতকাল শনিবার (৯ মার্চ) রাতে নেজামে ইসলাম পার্টি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সভা শেষে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠান তারা।

তারা বলেন, , ‘বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঐতিহ্যবাহী এই দলটি হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহ.-এর দর্শনে আকাবিরে উলামায়ে দেওবন্দের হাতে প্রতিষ্ঠিত। পার্টির কার্যক্রম সবসময় উলামায়ে কেরাম ও আহলে হকের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে পরিচালিত হয়। সেই ধারাবাহিকতায় তাবলিগের কাজে দেশের উলামায়ে কেরামের ফায়সালার সাথে আমরাও একমত। ভারতের বিতর্কিত মাওলানা সাদ সম্পর্কে ওলামাদের সিদ্ধান্তই সঠিক। আমরা মনে করি, মাওলানা সাদ বাতিল আকিদা পোষণ করেন। হক্কানি আলেমরা কোন বাতিলকে বরদাশত করতে পারে না।’

তারা আরও বলেন, ব্যক্তির এতায়াত নয়, মহানবী হজরত মুহাম্মাদ সা.-এর সুন্নাতের অনুসরণ করে আলেম উলামাদের পরামর্শ মতে তাবলিগের কাজ চলতে হবে।

পুরানা পল্টনস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পার্টির সিনিয়র সহসভাপতি মাওলানা ফজলুর রহমান। আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহসভাপতি অধ্যক্ষ মাওলানা সরোয়ার কামাল আজিজী, আলহাজ আবদুর রহমান চৌধুরী, মহাসচিব মাওলানা আবদুল মাজেদ আতহারী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মোস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা আনোয়ারুল কবির, মাওলানা মতলুবুর রহমান সিরাজী, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা দেলোয়ার হোসেন মাইজী।

পূর্ববর্তি সংবাদমিয়ানমারে আবারও পুলিশের উপর হামলা, নিহত ৯, নিখোঁজ ১
পরবর্তি সংবাদইথিওপিয়ায় বিমান বিধ্বস্তে ১৫৭ যাত্রী নিহত