ইসলাম টাইমস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার অভিনব প্রতিবাদ জানালেন সে দেশের একজন ফুটবল খেলোয়ার। তিনি গতকাল অস্ট্রেলিয়ার সঙ্গে অনুষ্ঠিত এক ম্যাচে সেজদার মাধ্যমে গোল উদযাপন করে মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। ফুটবলার কস্তা বারবারোস এই প্রতিবাদের মিছিলে হৃদয়ছোঁয়া এক নজির স্থাপন করলেন বলেই মন্তব্য করছেন মিডিয়া কর্মীরা।
কাল রাতে অস্ট্রেলিয়ান ‘এ’ লিগে ব্রিসবেন রোয়ারের বিপক্ষে ২-১ গোলে জিতেছে মেলবোর্ন ভিক্টরি। মেলবোর্নের হয়ে দুটি গোলই করেছেন নিউজিল্যান্ডের ২৯ বছর বয়সী উইঙ্গার কস্তা বারবারোস। ২৪ মিনিটে প্রথম গোলটি করেন এই অমুসলিম ফুটবলার। এরপর ভাবলেশহীন মুখে মাঠের মধ্যেই হাঁটু মুড়ে বসে নামাজের মতো করে ‘সেজদা’ করেন।
ম্যাচ শেষে সন্ত্রাসী হামলার ঘটনায় নিজের এই প্রতিবাদ নিয়ে ফক্স স্পোর্টসকে বারবারোস বলেন, ‘সত্যি কথা বলতে, ভীষণ বিধ্বস্ত লাগছে। ভীষণ আবেগের দিন। তাদের (হতাহত) কাছে এটা কিছু না, কিন্তু এটা বিশেষ কিছু।’ বারবারোসের এই গোল উদ্যাপন সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দল-মত-ধর্ম নির্বিশেষে সবাই তাঁর এই অভিনব প্রতিবাদের প্রশংসায় পঞ্চমুখ।
ভিডিও দেখুন : https://www.youtube.com/watch?v=rPfiRGCLQ8I
















