ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশকে গুমরাজ্যে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকার অনুভূতিশূন্য ও বোধহীন। তারা গুম-খুনের নির্দেশ দিয়ে দানবরূপে জনগণের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে।’
রোববার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আল-জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট এক প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে তিনজনকে গুম করার অভিযোগ উঠেছে। প্রচ্ছায়া লিমিটেডের তিন কর্মচারীকে আইনের অপব্যবহার করে তুলে নিয়ে গুম করা হয়েছে।
তিনি বলেন, গত ১০ বছরে সরকারে রোষানলে ‘চ্যানেল ওয়ান’, ‘ইসলামিক টিভি’, ‘দিগন্ত টিভি’, ‘পিস টিভি’,‘আমার দেশ’সহ বিভিন্ন গণমাধ্যম বন্ধ করা হয়েছে। বাকশাল পুণঃপ্রতিষ্ঠা করতে গিয়ে গণমাধ্যমেকে হত্যা করছে সরকার। সত্যকে তারা স্তব্ধ করে রাখতে চায়। স্বৈরাচার দীর্ঘায়িত হলে নাৎসীবাদের আবির্ভাব ঘটে। এই সরকারও নাৎসীবাদের উপাসক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, নাজমুল হক নান্নু, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, মনির হোসেন, আবদুল খালেক, রফিক হাওলাদার, নাদিম চৌধুরী, রফিকুল ইসলাম, সরদার মো. নুরুজ্জামান প্রমুখ।
















